পেস তাণ্ডবে টাইগারদের স্বস্তির সকাল


সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা স্টেডিয়ামে টাইগার পেসারদের তাণ্ডবে রীতিমত কাঁপছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। টেস্টের দ্বিতীয় দিনে সফরকারীদের চার উইকেটে ফেলে দিয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আগের দিনটা বেশ গুমোট কেটেছে। ব্যাটিংয়ে মোটাদাগে অস্বস্তির পর বোলিংও হয়েছিল ছন্নছাড়া।

সিলেট টেস্টের প্রথম দিনের ভুলের মাশুল দ্বিতীয় দিনে তুলে দিচ্ছেন টাইগার পেসাররা। নাহিদ রানা তিনটি ও হাসান মাহমুদ একটি উইকেট নিয়েছেন।  

সোমবার (২১ এপ্রিল) আগের দিনের ৬৭ নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই আপরাজিত ব্যাটার বেন কারন ও ব্রায়ান বেনেট।

দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফেরান নাহিদ। তার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন কারেন। ৫৫ বল খেলে ১৮ রান করেন তিনি।

নাহিদের দ্বিতীয় শিকার আরেক ওপেনার ব্রায়ান বেনেট।

সাজঘরে ফেরার আগে ৬৪ বলে ৫৭ রান করেন তিনি। এরপর নিকোলাস ওয়েলচকে সরাসরি বোল্ড করেন হাসান মাহমুদ। মাত্র দুই রান করেন তিনি। দ্বিতীয় দিনে মাত্র ২১ রান তুলতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীর।  

এরপর শন উইলিয়ামসের সঙ্গে জমে গিয়েছিল আরভাইনের জুটি।

জিম্বাবুয়ের প্রতিরোধ ভাঙতে নাহিদ রানাকে আক্রমণে এনেছিলেন নাজমুল হোসেন শান্ত। কাজেও লেগেছে তার বোলিং পরিবর্তন। গতিময় পেসারের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়েছেন ক্রেইগ আরভাইন। ভাঙল জিম্বাবুয়ের ৪১ রানের জুটি। ৩৯ বলে ৮ করেন আরভাইন।



মন্তব্যসমূহ