ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের লাঠিপেটা

 

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা একটার দিকে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। দুইটার দিকে টিচার্স ট্রেনিং কলেজের দিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

বেলা সোয়া দুইটার দিকে সিটি কলেজের সামনে সিটি কলেজের শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। আর টিচার্স ট্রেনিং কলেজের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। এর মধ্যেই সড়কে যান চলাচল করছে।

সায়েন্স ল্যাব মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসেন। তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে।  


একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশকে সিটি কলেজের নামফলক থেকে ঢাকা অংশটি ভেঙে ফেলতে দেখা যায়। হাতে ভাঙা একটি অংশ নিয়ে তাঁরা সড়কে অবস্থান নেন।



মন্তব্যসমূহ